দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এই ফোনালাপ হয়। ফোনালাপকালে তারেক রহমান ড. মুহাম্মদ ইউনূসের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ধন্যবাদ জানান।
এর আগে, বিমানবন্দরে পৌঁছে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ।
